যানজটের শহর বগুড়া:সমাধান কোথায়!?
সম্পাদকীয়ঃ বগুড়া উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসা–যাওয়া করেন শিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসহ নানান কাজে। কিন্তু শহরের সবচেয়ে বড় সমস্যা আজ যানজট। সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়কগুলোতে যানজট এখন নিত্যসঙ্গী। নাগরিক জীবনের গতি থমকে যাচ্ছে, অপচয় হচ্ছে অমূল্য সময়, বাড়ছে জনভোগান্তি।
যানজটের মূল কারণ বিশ্লেষণ করলে দেখা যায়, শহরে পরিকল্পনাহীন পরিবহন ব্যবস্থাপনা সবচেয়ে বড় সমস্যা। বিশেষ করে রিকশা ও অটোরিকশা শহরের রাস্তাগুলোতে নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করে। শহরের প্রতিটি মোড়ে, বিশেষ করে সাতমাথা, শহীদ খোকন পার্ক এলাকা, শেরপুর রোড, নতুন বাজার ও ফতেহ আলী মোড়ে অটোরিকশা যাত্রী তোলার নামে রাস্তার একাংশ দখল করে রাখে। এর ফলে পুরো সড়কের অর্ধেক অংশই কার্যত বন্ধ হয়ে যায়। একইভাবে রিকশাগুলো হঠাৎ দাঁড়িয়ে পড়ে বা উল্টো দিক থেকে উঠে এসে স্বাভাবিক গতিকে ব্যাহত করে।
তবে কেবল অটোরিকশা বা রিকশা নয়, যানজটের আরেকটি বড় কারণ হলো অপরিকল্পিত সড়ক নকশা, ফুটপাত দখল এবং পার্কিং সমস্যাও। শহরের মধ্যে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় দোকানের সামনে কিংবা রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে রাখে ব্যবসায়ীরা। এছাড়া হকাররা ফুটপাত দখল করে রাখায় পথচারীদের হাঁটার জায়গা সংকুচিত হয় এবং তারা রাস্তা ব্যবহার করতে বাধ্য হয়, ফলে আরও বিশৃঙ্খলা তৈরি হয়।
প্রশাসনও যে হাত গুটিয়ে বসে আছে, তা নয়। ইতিমধ্যেই বগুড়া জেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিছু এলাকায় অটোরিকশার জন্য আলাদা স্ট্যান্ড নির্ধারণ করা হয়েছে, ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। ট্রাফিক পুলিশ সিগন্যাল ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার চেষ্টা করছে। তবে এসব উদ্যোগ প্রায়শই সাময়িক পর্যায়েই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য দরকার একটি সুসমন্বিত পরিকল্পনা।
প্রথমত, শহরের ভেতরে চলাচলকারী অটোরিকশা ও রিকশার সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয়ত, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা ও নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি করতে হবে। তৃতীয়ত, ফুটপাত হকারমুক্ত করতে হবে যাতে পথচারীরা নিরাপদে চলাচল করতে পারেন। চতুর্থত, বিকল্প সড়ক ও ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে চাপ কমাতে হবে। পাশাপাশি নাগরিকদের মধ্যেও ট্রাফিক আইন মানার সচেতনতা তৈরি করা জরুরি।
যানজট শুধু ভোগান্তির কারণ নয়, এটি শহরের অর্থনৈতিক অগ্রগতিতেও বড় বাধা।সময়ের অপচয়, জ্বালানির অপচয় ও পরিবেশদূষণ—সবই যানজটের সরাসরি প্রভাব। তাই বগুড়া শহরকে সচল ও বাসযোগ্য রাখতে হলে প্রশাসন, পরিবহন খাত এবং নাগরিক—সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। এখনই সময় কার্যকর ব্যবস্থা নেওয়ার, নইলে যানজট বগুড়াকে আরও অচল করে দেবে।
Viewed 7950 times