May 7, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় আদালতের শোকজে পুকুর পাড় থেকে সাইনবোর্ড খুলে নিল প্রশাসন

রুহুল আমিন শাহিন, বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগ ওঠা বিষলাল পুকুরপাড় থেকে সাইনবোর্ড সরিয়ে নিয়েছে প্রশাসন। বুধবার (৬ মে) উপজেলার কোষাশ মৌজার ৫ দশমিক ৯৯ একর বিষলাল পুকুরপাড় থেকে গোপনে সাইনবোর্ডটি সরানো হয়।

 

গত ২৭ এপ্রিল সরকারি সম্পত্তি দাবি করে সেখানে খুঁটি গেঁড়ে সাইনবোর্ড দিয়েছিল প্রশাসন। জানা গেছে, কিছুদিন আগে পুকুরপাড়ে প্রকাশ্যে সাইনবোর্ড দেওয়া হয়েছিল।

 

 

আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারীর উপস্থিতিতে সাইনবোর্ড খুলে নিয়ে গেছে গ্রাম পুলিশ।

এর আগে আদালতে নিষেধাজ্ঞার পরও নন্দীগ্রাম উপজেলার বিষলাল পুকুরপাড়ে বেআইনিভাবে সাইনবোর্ড দেওয়ার ঘটনায় জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভূমি সহকারী কমিশনারের (এসিল্যান্ড) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গতকাল ওই তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেন যুগ্ম জেলা জজ আদালত-২ এর বিচারক শামিমা খাতুন।

 

সেরেস্তাদার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, আগামী ২৪ মে সকাল নয়টায় আদালতে স্বয়ং অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে দরখাস্তের বিরুদ্ধে কারণ দর্শাবেন।

 

 

অন্যথায় একতরফা শুনানি ও বিচার হবে।

মামলার বাদীপক্ষের আইনজীবী এমএ ছোবহান জানান, পুকুর সংস্কারে বাধা ও সাইনবোর্ড কেন্দ্র করে আদালত অবমাননার একটি যৌথ মামলা করেছেন মনছের আলী সরদারসহ ১০ ব্যক্তি। তাদের অভিযোগ, পুকুর সংক্রান্ত মামলায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা সত্ত্বেও আসামিরা পুকুরপাড়ে বেআইনিভাবে সাইনবোর্ড লাগিয়েছে। বাদীপক্ষের দরখাস্ত আমলে নিয়ে প্রশাসনের তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন বিচারক।

 

নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী আদালতে জবাব দেওয়া হবে।

Viewed 2150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!