বগুড়ায় একটু বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা!!
সম্পাদকীয়ঃ বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়া সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই এই শহরের ‘জলমগ্ন’ হয়ে পড়া অত্যন্ত হতাশাজনক। সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সেউজগাড়ি,সাতমাথা, বাদুড়তলা,চকসূত্রাপুর এবং খান্দারের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো হাঁটুপানিতে তলিয়ে যেতে দেখা গেছে।
ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং পানি নিষ্কাশনের পর্যাপ্ত পথ না থাকাই এই সংকটের প্রধান কারণ। ড্রেন ও খালগুলোতে পলিথিন ও অন্যান্য বর্জ্য জমে পানি চলাচলে বাধা সৃষ্টি করছে।এছাড়া শহরের অনেক ড্রেন ও নালা অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় পানি সরার জায়গা পাচ্ছে না।

শহরের নিচু এলাকাগুলো ভরাট করে ভবন নির্মাণ এবং পরিকল্পিত ড্রেনেজ ম্যাপ অনুসরণ না করায় পানি দ্রুত নামতে পারছে না।সামান্য বৃষ্টিতেই ড্রেনের নোংরা পানি রাস্তা, বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ছে।এতে যেমন জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট ও গণপরিবহন সংকট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
বগুড়াবাসীর এই ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন। ড্রেন ও নালাগুলোর নিয়মিত সংস্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং একটি দীর্ঘমেয়াদী আধুনিক ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।পাশাপাশি নাগরিকদেরও যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।
Viewed 10250 times