বগুড়ায় স্যান্ডেলের ভেতর লুকানো ইয়াবাসহ বাসযাত্রী গ্রেফতার
রুহুল আমিন শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুরে অভিনব কায়দায় স্যান্ডেলের সোলের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (৩ মে) সকালে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে শাহ্ ফতেহ আলী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে নয়টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী ফরিদুলের দুই পায়ের স্যান্ডেলের সোলের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পৌণে ৪ লাখ টাকা।
ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১৫০ গ্রাম। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ফরিদুল কক্সবাজার থেকে এই মাদকগুলো নিয়ে বগুড়ায় আসছিলেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে। এই মাদক চালানের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Viewed 100 times


