বগুড়ায় বসতবাড়িতে হামলা, সিসি ক্যামেরা ভাঙচুর থানায় মামলা
“বৃন্দাবনদক্ষিণপাড়ার ৮০ জনের গণস্বাক্ষর”
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া শহরের বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নারী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রাজিবুল হক মিল্টন (৪৫), পিতা মৃত শহিদুল হক বাদী হয়ে ৪ অক্টোবর শনিবার বগুড়া সদর থানায় মামলা (নং-১৮) দায়ের করেছেন।
মামলায় আসামীরা হলেন মোঃ রাফি (৩৫), তার ভাই মোঃ রিংকু (৩৫), মোঃ রিমু (২৭) ও আরও ৪–৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে।
বাদী জানান, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার বাড়ির পাশের পরিত্যক্ত ঘরে মাদক সেবন করছিল। বিষয়টি ধরা পড়ায় তারা বাড়ির সিসি ক্যামেরা টিন দিয়ে ঘিরে রাখে, যাতে তাদের কার্যকলাপ ক্যামেরায় ধরা না পড়ে।
গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামিরা বাড়ির পাশে মাদক সেবন করতে বসলে বাদীর স্ত্রী মোছাঃ সোনিয়া বেগম (৩৫) বাধা দিলে, তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরে লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এতে সোনিয়া বেগম গুরুতর আহত হন এবং তার পড়নের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে।
হামলার সময় জানালায় ইট নিক্ষেপ করে রান্নাঘর ও শয়নকক্ষের কাচ ও সিসি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়। এতে কাচের আঘাতে তাদের ৮ বছর বয়সী ছেলে সামি আহত হয়।
এছাড়া ২ নম্বর আসামি অভিযোগ অনুযায়ী সোনিয়া বেগমের গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনাটি বাড়ির সিসি ক্যামেরায় ধারণ করা আছে বলে জানিয়েছেন বাদী।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
এদিকে রাফিদের, অন্যায় আচরণে অতিষ্ঠ হয়ে বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়ার প্রায় ৮০ জন নারী-পুরুষ লিখিত গণস্বাক্ষরের মাধ্যমে প্রশাসনের কাছে আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
Viewed 4650 times


