গন্তব্যে যেতে মোটরসাইকেলে চড়ে বসলেন উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার পথ। স্বাভাবিক সময়ে এ পথ পাড়ি দিতে লাগে সর্বোচ্চ ৩০ মিনিট। কিন্তু সড়কের বেহাল দশা ও সংস্কার কাজে ধীরগতির কারণে লেগে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।
সূত্র জানায়, বেলা পৌনে ১১টায় আশুগঞ্জ থেকে রওনা হন উপদেষ্টা। বেলা ১টার সময়েও বিশ্বরোড মোড়ে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত বাহাদুরপুর থেকে মোটরসাইকেলে উঠতে বাধ্য হন। তার গাড়িবহর তখনো আটকা ছিল আশুগঞ্জ এলাকাতেই।
এর আগে সকালে মহানগর প্রভাতী ট্রেনে করে তিনি কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে যাত্রা শুরু করলে আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন।
জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। দীর্ঘদিন ধরে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে অসংখ্য গর্ত তৈরি হয়ে চলাচল বিঘ্নিত হচ্ছে।
গত রোববার থেকে উপদেষ্টার সফর উপলক্ষে সড়কের খানাখন্দ ভরাটের কাজ শুরু হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চলায় যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ। ফলে তিন দিন ধরেই তীব্র যানজট চলছে মহাসড়কের এই অংশে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, ‘উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথে আশুগঞ্জের মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’
Viewed 3700 times