নন্দীগ্রামে ক্ষুদে খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করলেন পৌর বিএনপির সভাপতি-আলেকজান্ডার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার নন্দীগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঢাকুইর গ্রামে তরুণ ও ক্ষুদে ফুটবলারদের মাঝে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফুটবল বিতরণ করা হয়েছে। নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলেকজান্ডারের ব্যক্তিগত উদ্যোগে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
২২ জুন (সোমবার) বিকেলে ঢাকুইর গ্রামের স্থানীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আদর।
অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিয়ে পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের পথ থেকে দূরে রেখে খেলাধুলায় মনোযোগী করে তুলতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশে খেলাধুলার বিকল্প নেই। আমি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আপনাদের সমর্থন ও দোয়া প্রত্যাশা করি। নির্বাচিত হলে নন্দীগ্রামের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ সংস্কার ও তরুণদের জন্য ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করব ইনশাআল্লাহ।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আদর তার বক্তব্যে বলেন, “আলেকজান্ডারের এই উদ্যোগ প্রশংসনীয়। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে এবং তরুণদের উৎসাহিত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মী সব সময় জনগণের পাশে রয়েছে। আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ আলেকজান্ডারের যোগ্যতাকে মূল্যায়ন করবেন বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিএনপি ও তার অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ক্ষুদে ফুটবলার উপস্থিত ছিলেন। ফুটবলের নতুন বল পেয়ে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
Viewed 1150 times



