June 22, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করল বগুড়া সদর উপজেলা ছাত্রদল

বগুড়া জেলা প্রতিনিধি: আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ৩৪৫ জন পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) বগুড়ার নুনগোলা ডিগ্রি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার্থীদের হাতে কলম, স্কেল, পেন্সিলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

 

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিবের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাওছার হাবীব সাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হোসাইন, নুনগোলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতি এবং সদর উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

কলেজের কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষিত ও মেধাবী তরুণ সমাজ। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। পরীক্ষার সময় ধৈর্য, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জনেরও পরামর্শ দেন তারা।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব। তিনি বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মেধা ও মনন বিকাশে সহায়ক যেকোনো ইতিবাচক উদ্যোগে ছাত্রদল সবসময় পাশে থাকবে। আমরা চাই শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুক এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।”

 

তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের প্রতি শুভকামনা জানাতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আশা করি তারা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে নিজেদের, পরিবারের এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে।”

 

সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাওছার হাবীব সাকিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হোসাইন তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

 

অনুষ্ঠানে উপস্থিত কলেজ কর্তৃপক্ষ ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরীক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে। শিক্ষার্থীরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পরে ৩৪৫ জন এইচএসসি পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

 

Viewed 1500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!