June 22, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় নির্মাণ শ্রমিকদের অসন্তোষ,গচ্ছিত ১৪ লাখ টাকার হদিস নেই  

স্টাফ রিপোর্টারঃ  বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্তমান নেতাদের বিরুদ্ধে আয়-ব্যয়ের হিসাবে গড়মিল, নানা অনিয়ম, নির্বাচনে অনীহা ও অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। সুস্থ তদন্ত করে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পদক্ষেপসহ বৈধ নির্বাচন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নির্মাণ শ্রমিকরা।

 

তাদের দাবি, সংগঠনের মালিকানাধীন বিভিন্ন সরঞ্জাম, নগদ অর্থ ও করোনাকালীন সময়ে সংগৃহীত অর্থসহ গচ্ছিত প্রায় ১৪ লাখ টাকার সম্পদের হদিস নেই। নির্মাণ শ্রমিক ইউনিয়নের তহবিলে মাত্র ২ হাজার ৬০০ টাকা রয়েছে জেনে সদস্যদের মাঝে চরম অসন্তোষ।

 

সোমবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সভা বাস্তবায়ন প্রস্তুতি উপ-কমিটির আহ্বায়ক মো. বেলাল মন্ডল। জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি-রাজ ১৯৬২) সর্বশেষ নির্বাচন ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছরেও কোনো বৈধ নির্বাচন হয়নি বলেও জানিয়েছেন।

 

লিখিত বক্তব্যে উল্লেখ করেন, সংগঠনের কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সাত সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। তাদের উদ্যোগে গত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কর্মসূচি পালন ও সাধারণ সভার আয়োজন করে। উপস্থিত শ্রমিকদের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট নাজমুল হুদা পপনের নেতৃত্বে একটি নির্বাচন কমিটি গঠনের সিদ্ধান্তসহ দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তাব গৃহীত হয়।

 

শ্রমিক নেতা বেলাল মন্ডল অভিযোগ করেন, সাধারণ সভায় সংগঠনের বর্তমান সভাপতি হাফিজার রহমান আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করে তহবিলে মাত্র ২ হাজার ৬০০ টাকা দেখান। এসময় উপস্থিত শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। প্রায় ১৪ লাখ টাকার সম্পদের সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না। সভপতিসহ সংগঠনের বর্তমান সহ-সভাপতি ফারুক হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন ও দপ্তর সম্পাদক নান্নু মিয়া যৌথভাবে এসব অর্থ সম্পদ আত্মসাৎ করেছে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সৌরভ হোসেন লাইজু, শহর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক মাফরুজ্জামান ওমেক্স, যুগ্ম আহবায়ক হায়দার আলী,১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রাজু, ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পুটু, জাতীয়তাবাদী দোকান কর্মচারী সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রায়হান আলী রানু, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদস্য আব্দুস সালাম, আবু হাসান, মানিক, আব্দুল হান্নান, আবুল কালাম, আজিজুল, জুম্মান, রুবেল, রঞ্জু মিয়া প্রমুখ।

Viewed 1500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!