বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
Online Dessk:
বগুড়া জেলার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ মতবিনিময় সভা করেছেন। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় বগুড়া শহরে দীর্ঘদিনের যানজট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর অবস্থান, বার্মিজ চাকু ব্যবহার বন্ধে অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ-সাংবাদিক পেশাদার সম্পর্ক দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। বক্তব্যে তিনি বলেন, বগুড়ার সার্বিক আইন-শৃঙ্খলা সহনশীল রাখার জন্য গণমাধ্যমকর্মীদের বিশেষ সহযোগিতা প্রয়োজন। পুলিশের প্রতি আস্থা ফেরানোর জন্য জেলার মানুষেরও সহযোগিতা প্রয়োজন। জেলায় মাদক মুক্ত করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের কাছ থেকে বগুড়া জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে অন্যায়, দুর্নীতি, যানজটসহ অন্যান্য সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, মো. আতোয়ার রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, করতোয়ার সম্পাদক মোজাজ্জেল হক লালু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সবুর শাহ লোটাস প্রমুখ।
Viewed 400 times



