August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

রুহুল আমিন শাহিন, বগুড়া: বগুড়া মহাসড়কে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

 

রোববার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বাবা-ছেলের নাম তাপস সরকার ও তীব্র সরকার। তাঁদের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার রমচন্দ্রপুর গ্রামে। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে গো-খাদ্যবাহী একটি ট্রাক জয়পুরহাটের হিলি স্থলবন্দরের দিকে যাচ্ছিল। শজিমেক হাসপাতালের সামনে উড়ালসেতুতে পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা ফেটে যায়। পরে চালকসহ ট্রাকে থাকা ব্যক্তিরা মহাসড়কের ওপর দাঁড়িয়ে চাকা মেরামতের কাজ করছিলেন।

 

এ সময় ঢাকা থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকা মেরামতের কাজে থাকা তাপস সরকার ও তাঁর ছেলে তীব্র সরকার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

 

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শাহজাহান সিরাজ বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মনজুর মোর্শেদ বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Viewed 800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!