নন্দীগ্রামে গরুবাহী নসিমন উল্টে সাইকেল আরোহীসহ নিহত ২
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গ্রামীণ রাস্তায় গরুবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন।
গতকাল শনিবার বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভগবান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা- কাহালু উপজেলার কুরশন এলাকার বাসিন্দা সাইকেল আরোহী শফিকুল ইসলাম (৭০) ও নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন নতুনপাড়া এলাকার বাসিন্দা আক্তারুল ইসলাম (৪০)।
জানা গেছে, সাইকেলযোগে ভগবান বাজার এলাকা পার হচ্ছিলেন শফিকুল ইসলাম। বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী নসিমনের সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গরুবাহী নসিমন চালক নিয়ন্ত্রণ হারান। উল্টে রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে চালক ও সাইকেল আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপচাঁচিয়া উপজেলা থেকে ৭-৮টি গরু কিনে নন্দীগ্রাম উপজেলার দিকে আসছিলেন একদল গরু ব্যবসায়ী। পথিমধ্যে ভগবান বাজার এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। ব্যবসায়ীরাও কম-বেশি আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেন।
Viewed 300 times


