June 28, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

চাকরির ওপর নির্ভরশীল হয়ে উন্নত জাতি গঠন অসম্ভব

স্টাফ রিপোর্টার,বগুড়া : দেশের যুবক ও তরুণদের জন্য সরকারি, আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্বল্পসুদে ঋণ, প্রশিক্ষণ, কারিগরি সহায়তাসহ নানা ধরনের প্রণোদনার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার মহাপরিচালক কৃষিবিদ ড. আব্দুল মজিদ প্রামানিক।

 

তিনি বলেছেন, যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান নতুন উদ্যোক্তাদের সহায়তায় কাজ করছে। শুধু চাকরির ওপর নির্ভরশীল হয়ে উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। কৃষি, প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তথ্যপ্রযুক্তি এবং উদ্ভাবনভিত্তিক উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

 

গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া যুব উন্নয়ন একাডেমি হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা যুব পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মো. তোছাদ্দেক হোসেনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

 

বক্তব্যে আরডিএ মহাপরিচালক আরও বলেন, উত্তরাঞ্চল কৃষি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। এখানে কৃষি, কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিকে আরও লাভজনক খাতে পরিণত করা সম্ভব। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বাজারজাত করণের মাধ্যমে দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখা যাবে। তরুণদের সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী শক্তি ও কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল শামছুদ্দীন ফিরোজ, টেন্স এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা যুব পরিষদের প্রধান উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পাঠান। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. সাহাবুদ্দীন সরদার। সঞ্চালনা করেন জেলা যুব পরিষদ সভাপতি এসএম রবিউল হাসান দারুন।

 

বক্তারা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম ইতোমধ্যে বহু যুবক ও তরুণের ভাগ্য বদলেছে। তারা কর্মসংস্থান গড়ে স্বাবলম্বী হয়েছে। উদ্যোক্তাদের সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে। কৃষি ও উদ্যোক্তা উন্নয়ন একে অপরের পরিপূরক। দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ এবং উদ্ভাবনী উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। উদ্যোক্তা উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্পায়ন ও যুব-তরুণ সমাজকে আত্মকর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

 

 

 

Viewed 300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!