সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে আদমদীঘি উপজেলা যুবদলের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূল পর্যায়ে যুবদলের কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থেকে কাজ করতে হবে এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে শৃঙ্খলার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে।”
প্রধান বক্তার বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আদমদীঘি উপজেলা যুবদলকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।”
সভায় আরোও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, জেলা যুবদলের সহ-সভাপতি তাজমিলুর রহমান বিচিত্র, আলী রেজা রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক আল আমিন শানু, সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন, ধর্মীয় সম্পাদক সাব্বির হাসান, সদস্য কামরুল হাসান ঝিনুক, মিজানুর রহমান জিকু, শাহজালাল মাহমুদ চপল, সাবেক সদস্য আমিনুল ইসলাম শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আরিফুল হক রোমান, কোরবান আলী, শিহাব সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। শেষে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আদমদীঘি উপজেলা যুবদলকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
Viewed 350 times


