July 6, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সারিয়াকান্দিতে বাঙ্গালী নদীর ভাঙন আতঙ্কে চার গ্রামের মানুষ, তিনদিনে ৫০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন

স্টাফ রিপোর্টারঃ সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের কুপতলা উত্তরপাড়া এলাকায় বাঙালি নদীর তীব্র ভাঙনে তিনদিনে অন্তত ৫০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে চারশ পরিবারসহ বসতবাড়ি, স্কুল, মসজিদ। নদীর তীব্র ভাঙন থেকে ফসলি জমি রক্ষার দাবিতে নদীর তীরে দাড়িয়ে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকার মানুষ। রবিবার (৫ জুলাই) সকালে নারচী ইউনিয়নের কুপতলা উত্তরপাড়া এলাকায় নদের তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নদীভাঙনের শিকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে বাঙালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বেড়েছে নদীর তীর ভাঙন। কুপতলা উত্তরপাড়া এলাকায় নদীর স্রোত সরাসরি আঘাত হানায় কয়েকদিনে প্রায় ৫০ বিঘা ফসলি জমি ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ৪০০ টির বেশি পরিবার চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

আনসার মন্ডল মোয়াজ্জেম বলেন, গত কয়েকদিনে ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। এখন আবার নদী ঘরের কাছাকাছি চলে এসেছে। কীভাবে পরিবার নিয়ে বাঁচব, বুঝতে পারছি না।

ছাত্তার আকন্দ বলেন, “নদী আমাদের জমি খেয়েছে, কিভাবে পরিবার নিয়ে চলবো। সরকারের কাছে স্থায়ী সমাধান চাই, যাতে বারবার ভেঙে না যায়।”

ভাঙনকবলিত এলাকার ছাত্তার আকন্দ, জাহিদুল,লাল মিয়া মন্ডল,খাজা মিয়া,মুন্নু মিয়া,মস্তাক মিয়া,শাজাহান মিয়া,মকসেরসহ স্থানীয়রা বলেন, “নদী যেভাবে ভাঙছে, যেকোনো সময় আমাদের ঘরবাড়িও নদীতে চলে যাবে। রাতে আতঙ্কে ঘুমাতে পারি না। তারা বলছেন, দীর্ঘদিন ধরে বাঙালি নদীর ফসলি জমি ভাঙন অব্যাহত থাকলে ফসল ফলানোর মত আর জমি থাকবে না।

স্থানীয়দের দাবি, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Viewed 100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!