শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা
Online Desk:
শেরপুরে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হবে। এ সময় জেলার পাঁচটি উপজেলায় মোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা মুহাম্মদ শাহীন।
তিনি বলেন জেলায় এখন পর্যন্ত ৮২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও হাম পজেটিভ পাওয়া যায়নি। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। আগে টিকা দেওয়া হলেও এই বয়সের সব শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে। ৬ মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হওয়া থেকে শুরু করে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত শিশুদের এই টিকা প্রদান করা হবে।
এ সময় জানানো হয় জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১৩৩৫টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে হাম-রুবেলা বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা আহসান হাবীব হিমেল। পরে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি সহ অন্যরা। অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Viewed 150 times