বগুড়ায় র্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক
এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: বগুড়ায় র্যাবের পৃথক ও যৌথ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর পাইকড়তলা এলাকার “পয়স্বিনী এগ্রো” নামক একটি গরুর খামার থেকে পাঁচটি ষাঁড় গরু চুরি হয়। খামারের মালিক মোঃ রাসেল ইসলাম (৪০) সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, এজাহারভুক্ত আসামি মোঃ জসিম উদ্দিন জুয়েল (৩৩)সহ অজ্ঞাতনামা ৬-৭ জন একটি নীল রঙের ট্রাকে গরুগুলো তুলে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা।
ঘটনার পর ভুক্তভোগী শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৬, তারিখ: ০৩/০৩/২০২৬, ধারা: ৪৫৭/৩৮০ পেনাল কোড, জিআর নং-৫৮/২৬)। মামলার তদন্তের স্বার্থে র্যাব-১২, সিপিএসসি বগুড়া গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চক্রের সদস্যরা রাতের বেলায় বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে সিএনজি ও ট্রাক ব্যবহার করে গরু চুরি করত এবং পরে সেগুলো অজ্ঞাত স্থানে বিক্রি করত। এরই ধারাবাহিকতায় র্যাব-১২ বগুড়ার একটি চৌকস দল শিবগঞ্জ এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে চুরির প্রস্তুতিকালে মোঃ তারাজুল ইসলাম (৩০) ও মোঃ সজল মন্ডল (৩৯)-কে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালিয়ে মোঃ সজিব মিয়া ওরফে টাইগার (৩০) এবং মোঃ শরিফুল (২৬)-কে গ্রেফতার করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রাজশাহী জেলার তানোর এলাকায় চক্রের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হয়ে পুনরায় চুরির পরিকল্পনা করছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া এবং র্যাব-৫ রাজশাহীর যৌথ অভিযানে তানোর এলাকা থেকে চক্রের মূল হোতা ও মামলার প্রধান আসামি মোঃ জসিম উদ্দিন জুয়েল (৩৩)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৮-৪৪১০) এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মোঃ তারাজুল ইসলামের বিরুদ্ধে চুরি সংক্রান্ত ৫টি, মোঃ সজল মন্ডলের বিরুদ্ধে অস্ত্র, চুরি ও মাদকসহ ৬টি, মোঃ সজিব মিয়ার বিরুদ্ধে ডাকাতিসহ ২টি এবং জসিম উদ্দিন জুয়েলের বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চক্রের সর্দার জসিম উদ্দিন জুয়েলকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় এবং বাকি চারজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Viewed 1150 times



