April 2, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

প্রশাসনের নীরবতায় সাতমাথা দখলে ছিনতাইকারীরা: স্কুলছাত্রীর মোবাইল ছিনতাইঃবাড়ছে জননিরাপত্তা শঙ্কা

স্টাফ রিপোর্টারঃ উত্তরবঙ্গের ব্যস্ততম নগরী বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতির অভিযোগ উঠেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক—কবি নজরুল ইসলাম সড়ক, সদর থানা সংলগ্ন এলাকা এবং নবাববাড়ী রোডের সদর পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে দিন-দুপুরেই বেড়েছে ছিনতাই ও চুরির ঘটনা। স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র কার্যত পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে, আর প্রশাসনের উপস্থিতি যেন চোখে পড়ার মতো নয়।

 

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে এক স্কুলছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের সুযোগ নিয়ে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে, ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

সাতমাথা চত্বর এখন ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ঘণ্টায় ঘণ্টায় পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার ঘটনা ঘটছে। কিন্তু নিকটবর্তী সদর থানা ও পুলিশ ফাঁড়ির কার্যকর উপস্থিতি না থাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

 

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ থাকবে?” তারা দ্রুত টহল জোরদার, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

 

নগরীর কেন্দ্রস্থলে এ ধরনের অপরাধ বৃদ্ধির পেছনে টহল ব্যবস্থার দুর্বলতা, নজরদারির অভাব এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়ার প্রবণতা দায়ী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন।

 

সাধারণ মানুষের প্রশ্ন এখন একটাই—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই যদি এমন ঘটনা ঘটে, তবে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করবে কে?

Viewed 900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!