গ্রামীণ শিক্ষায় মানোন্নয়নঃপ্রয়োজনীয় পদক্ষেপ
সম্পাদকীয়ঃ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হলো প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশই বসবাস করে গ্রামে, যেখানে শিক্ষা মানোন্নয়নের অভাব আজও একটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে। শহুরে এলাকায় শিক্ষা ব্যবস্থা যতটা উন্নত, গ্রামের বিদ্যালয়গুলো ততটাই পিছিয়ে। ফলে শিক্ষার ক্ষেত্রে একটি স্পষ্ট বৈষম্য তৈরি হয়েছে, যা দেশের সামগ্রিক উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
গ্রামীণ এলাকায় শিক্ষার মান নিম্নমানের হওয়ার অন্যতম কারণ হলো দক্ষ শিক্ষকের অভাব। অনেক ক্ষেত্রে শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, আবার অনেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে আধুনিক পদ্ধতিতে পাঠদান করতে পারেন না। শিক্ষার্থীরা বই মুখস্থ করে পরীক্ষায় পাস করলেও জ্ঞানগত দক্ষতা অর্জন করতে পারছে না। ফলে তারা উচ্চশিক্ষা কিংবা পেশাগত জীবনে পিছিয়ে পড়ছে।
আরও একটি বড় সমস্যা হলো বিদ্যালয়ের পরিকাঠামোগত দুরবস্থা। অনেক গ্রামীণ বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই, বেঞ্চ-টেবিল ভাঙা, ছাদের চুন খসে পড়ছে, এমনকি কোথাও কোথাও শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই। এসব কারণে শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ হ্রাস পায়। বিশেষ করে মেয়েশিক্ষার্থীদের ক্ষেত্রে এসব সমস্যা আরও তীব্র।
অভিভাবকদের দারিদ্র্যও গ্রামীণ শিক্ষার মানোন্নয়নের পথে বড় বাধা। অনেক পরিবারেই সন্তানদের পড়াশোনার পরিবর্তে শ্রমে যুক্ত হতে হয় সংসারের খরচ চালানোর জন্য। এর ফলে শিশুশ্রমের হার বৃদ্ধি পাচ্ছে, যা শিক্ষার হার কমিয়ে দিচ্ছে। তাছাড়া শিক্ষার প্রতি সচেতনতার অভাবও শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়ার অন্যতম কারণ।
তবে ইতিবাচক দিক হলো, সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা গ্রামীণ শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ‘বিদ্যালয়ে খাদ্য বিতরণ কর্মসূচি’, ‘স্টাইপেন্ড প্রদান’, ‘ডিজিটাল শিক্ষা উপকরণ’ ও ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’ প্রকল্পের মাধ্যমে অনেক বিদ্যালয়ে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। কিন্তু এসব উদ্যোগ এখনও দেশের প্রত্যন্ত অঞ্চলে পুরোপুরি কার্যকর হয়নি। তাই নীতিনির্ধারকদের আরও কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।
গ্রামীণ শিক্ষার মানোন্নয়নের জন্য প্রথমেই প্রয়োজন শিক্ষক প্রশিক্ষণ ও তদারকি জোরদার করা। শিক্ষক নিয়োগে দক্ষতা ও আন্তরিকতাকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে—যেখানে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও প্রযুক্তি শিক্ষা সমানভাবে গুরুত্ব পাবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ‘স্মার্ট ক্লাসরুম’ ও অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করলে গ্রামীণ শিক্ষার্থীরা শহরের শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারবে।
এছাড়া অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজকর্মীদের সম্পৃক্ত করতে হবে। শিক্ষা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন হওয়া উচিত। গ্রামের প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় পৌঁছে দিতে হলে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশের উন্নয়ন টেকসই করতে হলে গ্রামীণ শিক্ষার মানোন্নয়নই হতে পারে সবচেয়ে কার্যকর ভিত্তি। কারণ শিক্ষিত সমাজই পারে দারিদ্র্য, কুসংস্কার ও বেকারত্বের শৃঙ্খল ভাঙতে। তাই এখনই প্রয়োজন শিক্ষাকে শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে, জ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
শেষ কথা হলো, শহর ও গ্রামের শিক্ষার ব্যবধান ঘোচাতে হলে নীতিনির্ধারকদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগই পারে গ্রামীণ শিক্ষায় মানোন্নয়নের পথ সুগম করতে।
Viewed 8050 times