July 16, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় শিশু ধর্ষণের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ: অভিযুক্তের ফাঁসি ও দ্রুত বিচারের দাবি

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সিজু সরকারের গ্রেফতার, দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ জুলাই) বিকেলে বগুড়া শহরের সাতমাথা জুলাই চত্বরে ‘বগুড়া জেলার সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

 

সমাবেশে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদ, সরকারি আজিজুল হক কলেজ শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল আরাফাত, যুগ্ম সদস্য সচিব নোমান বিন রশিদ, ভয়েস অব জুলাই বগুড়ার সভাপতি আজিজ উদ্দীন, শ্রমিক অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান সাগর, ভয়েস অব জুলাইয়ের সাংগঠনিক সম্পাদক বিলাশ আহম্মেদ, যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক লাবনী আক্তার, সাধারণ সম্পাদক ইসরাফিল আলম, গণঅধিকার পরিষদ বগুড়া জেলার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম সেতু, প্রবাসী অধিকার পরিষদ সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আসমাউল হোসেন এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল মাসুদ। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এস. এম. মিনহাজুল ইসলাম মুন্না।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন মহিউদ্দিন সোহাগ, আবুল কামাল, নিপু খান, নাহিদ হাসান, মাহমুদুল হাসান, ওমর ফারুক, আশরাফুল, সেলিম খান, রাফিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

 

বক্তারা অভিযোগ করেন, গত ৯ জুলাই পাঁচ বছরের শিশু শুকরিয়া আলম জারা ধর্ষণের শিকার হওয়ার পরও পর্যাপ্ত তথ্য-প্রমাণ থাকার দাবি সত্ত্বেও মামলার বিচারিক প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। তারা প্রশ্ন তোলেন, শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণে বিলম্ব কেন হচ্ছে।

 

বক্তারা আরও বলেন, দেশে মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের মতো ধর্ষণের বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কার্যকর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। তারা শিশু ও নারী নির্যাতনের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি জানান।

 

সমাবেশে উপস্থিত হয়ে ভুক্তভোগী শিশুর বাবা আবেগঘন বক্তব্যে অভিযোগ করেন, ঘটনার বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ থাকার পরও বিচার প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। তিনি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

সমাবেশ থেকে বক্তারা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার সম্পন্ন এবং দোষী সাব্যস্ত হলে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 

 

Viewed 1150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!