October 27, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান

অনলাইন ডেস্কঃ চাকরির মেয়াদ শেষ হওয়ার দিনে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য অর্থ বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সঙ্গে চলমান আলোচনা এবং অর্থবছরের সময় পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের সীমাবদ্ধতা, ব্যাংক খাতের দুর্বলতা এবং বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলা করছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং রাজস্ব আহরণ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রম চলছে।

 

সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার সাইডলাইনে, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।

 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা কয়েক মাস ধরে চলবে। ব্যাংক খাতের সংস্কার, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের সময় ও ধাপ নিয়েও আলোচনা হচ্ছে।

অন্যদিকে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে এপ্রিল-মার্চ করার প্রস্তুতি চলছে। এ পরিবর্তন কার্যকর করতে বাজেট প্রণয়ন, রাজস্ব আদায়, সরকারি হিসাব-নিকাশ এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানে পরিবর্তন আনতে হবে।

 

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে ৯ মাসের একটি অন্তর্বর্তীকালীন সময়; নতুন নিয়মে পূর্ণ অর্থবছর শুরু হবে ২০২৮ সালের ১ এপ্রিল থেকে।

 

এমন পরিস্থিতিতে অর্থ বিভাগের সচিব পদে অভিজ্ঞ কর্মকর্তার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর অর্থ সচিব হিসেবে যোগ দেন খায়েরুজ্জামান মজুমদার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। পরবর্তী সময়ে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

Viewed 100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!