July 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া-নাটোর মহাসড়কে দুই যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কুরিয়ার চালকের

সুমন কুমার নিতাই, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন কাভার্ড ভ্যানের চালক।

 

শুক্রবার (১০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত আব্দুস সালাম রংপুর সদর থানার মৃত রুকু মিয়ার ছেলে। তিনি ‘স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস’-এর কাভার্ড ভ্যান চালক ছিলেন।

 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি বগুড়া থেকে নাটোরের উদ্দেশে রওনা হয়। একই সময় বিপরীত দিক (নাটোর) থেকে একটি মালবাহী ট্রাক বগুড়ার দিকে আসছিল। যানবাহন দুটি রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে কাভার্ড ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আব্দুস সালাম গাড়ির কেবিনের ভেতরেই আটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করেন এবং হাইওয়ে পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার পর মালবাহী ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থলে ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আইনগত কার্যক্রম শেষে নিহতের মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Viewed 300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!