ট্রাম্পের গাজা ‘শান্তি পর্ষদে’ ১০০ কোটি ডলার দিতে চান পুতিন
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত গাজা ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদে’ ১০০ কোটি ডলার অনুদান প্রদান করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাবও দিয়েছেন তিনি।
সেই প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা রাখা রাশিয়ার যে অর্থ ফ্রিজ করা হয়েছিল— সেখান থেকে ১০০ কোটি ডলার যেন গাজা বোর্ড অব পিসে অনুদান হিসেবে দেওয়া হয়।
গাজা বোর্ড অব পিস পরিষদের সদস্যপদের জন্য ইতোমধ্যে প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ট্রাম্পের সেই আমন্ত্রণের বিষয়ে রুশ প্রেসিডেন্ট জানান, এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি মস্কো।
বৈঠকে পুতিন বলেন, ‘গাজা বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। রাশিয়া এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। আমন্ত্রণ পর্যালোচনা এবং কৌশলগত মিত্রদের সঙ্গে আলোচনার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে মস্কো। সেজন্য আরও সময় প্রয়োজন।’
Viewed 3500 times




