April 22, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান

অনলাইন ডেস্ক রিপোর্টঃ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি ও দীর্ঘমেয়াদি উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে।

 

বুধবার (২২ এপ্রিল) স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৪ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৭২ দশমিক ৬০ ডলারে উঠেছে। খবর রয়টার্স।

 

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়াবেন। নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই তিনি এই ঘোষণা দেন।

 

তবে এই সিদ্ধান্তটি একতরফা বলে মনে হচ্ছে এবং ইরান বা যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল এই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হবে কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

 

বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, ‘যুদ্ধবিরতি বাড়ানোর ফলে বাজারে সংকট কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘর্ষ শুরু হয়, তাহলে ডলারের মান বাড়বে, তেল ও সুদের হার বাড়বে এবং স্বর্ণের ওপর চাপ তৈরি হবে।’

 

যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। ডলারের মান কিছুটা কমেছে এবং তেলের দাম নেমে গেছে।

Viewed 1100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!