May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আল-আজহারের প্রখ্যাত হাদিস বিশারদ ড. আহমদ ওমর হাশেম আর নেই

ডেস্ক রিপোর্ট : বিশ্ব ইসলামী জ্ঞানচর্চার আকাশ থেকে খসে পড়েছে এক দীপ্তিমান নক্ষত্র। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের বরেণ্য অধ্যাপক, হাদিস বিভাগের প্রখ্যাত পণ্ডিত এবং আল-আজহার শরীফের সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য, প্রাক্তন উকিলুল আজহার ড. আহমদ ওমর হাশেম রহ. ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার ভোরের কোমল আলো ফোটার আগেই তার ইন্তেকালের সংবাদে শোকাভিভূত হয়েছে গোটা ইসলামি বিশ্ব।

হাদিসবিদ্যার জগতে ড. আহমদ ওমর হাশেম ছিলেন এক অনন্য আলোকবর্তিকা যাকে সমকালীন সময়ে সম্মানভরে “আমিরুল ফিল হাদিস” বলা হতো। তার জ্ঞানের আলোয় আলোকিত হয়েছেন বিশ্বের অসংখ্য মুহাদ্দিস, মুফাসসির ও আলেম।

তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব, যিনি প্রথাগত ধর্মীয় শিক্ষা ও আধুনিক প্রজ্ঞার সমন্বয়ে ইসলামকে সময়ের বাস্তবতায় ব্যাখ্যা করেছেন, যুক্তি, প্রজ্ঞা ও গভীর আধ্যাত্মিকতার সমন্বয়ে ইসলামী চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

দীর্ঘ জীবনজুড়ে তিনি নিজেকে নিবেদন করেছিলেন কুরআন ও হাদিসের সেবা, ইসলামী গবেষণা এবং দাওয়াতের প্রচারে। তাঁর জীবন ছিল এক নিরবচ্ছিন্ন জ্ঞানযাত্রা, যার প্রতিটি পদক্ষেপ মুসলিম উম্মাহর জন্য দিকনির্দেশনার বাতিঘর হয়ে আছে।

আল-আজহার বিশ্ববিদ্যালয়, এর শিক্ষক ও শিক্ষার্থীরা, এবং সমগ্র ইসলামি বিশ্ব তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তার অসংখ্য ছাত্র ও অনুরাগী সামাজিক মাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) জোহরের নামাজের পর আল-আজহার বিশ্ববিদ্যালয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে শারকিয়া গভর্নরেটের জাগাজিগের বানি আমের গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার পিতৃভূমির মাটিতে দাফন করা হবে।

ইসলামি চিন্তা ও হাদিস গবেষণায় ড. আহমদ ওমর হাশেম রেখে গেছেন এক উজ্জ্বল উত্তরাধিকার যা যুগে যুগে ছাত্র, আলেম ও অনুসন্ধানী মনকে পথ দেখাবে।

মহান আল্লাহ তায়ালা এই মহান আলেমকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার রেখে যাওয়া জ্ঞান, প্রজ্ঞা ও খেদমতের আলো থেকে সমগ্র মুসলিম উম্মাহকে উপকৃত হওয়ার তাওফিক দিন।

আল্লাহ তাকে শান্তিতে রাখুন, আর আমাদের যেন তার মতো জ্ঞানসাধকদের পদাঙ্ক অনুসরণ করার তাওফিক দান করেন।

লেখক: শিক্ষার্থী আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো, মিশর

Viewed 3600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!