শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি: প্রকৃতি মিশ্র
ডেস্ক রিপোর্ট : বলিউড বাদশাহ শাহরুখ খান দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে জাতীয় পুরস্কার অধরাই থেকে যায়। অসংখ্য সিনেমা করেছেন তিনি। অসংখ্য পুরস্কারও পেয়েছেন; কিন্তু জাতীয় পুরস্কার থেকেছে অধরা। সিনেমা জগতে ৩৩ বছরের বর্ণময় ক্যারিয়ারে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হলো কিং খানের। ‘জওয়ান’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন বাদশাহ। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আবেগাপ্লুত হয়েছেন পুরস্কার প্রদান কমিটির সদস্য ওড়িয়া অভিনেত্রী প্রকৃতি মিশ্র।
অভিনেত্রী মূলত ওড়িয়া চলচ্চিত্র এবং হিন্দি টেলিভিশনে কাজের জন্য বিশেষভাবে পরিচিত। ২০১৮ সালে ‘হ্যালো আর্সি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনিও জাতীয় পুরস্কার পেয়েছিলেন। হিন্দি দর্শকদের কাছে প্রকৃতি মিশ্র ‘বিট্টি বিজনেসওয়ালি’ এবং ‘লাল ইশক’-এর মতো ধারাবাহিক ও রিয়েলিটি শো ‘এস অফ স্পেস ২’-এর মাধ্যমে পরিচিতি লাভ করেন।
গতকাল বুধবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রকৃতি মিশ্র লিখেছেন, ‘আমি কখনো জানতাম না, আমি সেই সৌভাগ্যবান ১১ জনের একজন হব, যারা শাহরুখ স্যারকে তার বহু প্রতীক্ষিত ও প্রাপ্য প্রথম জাতীয় পুরস্কার প্রদান করার দায়িত্বে ছিলাম।
কিং খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, আপনার বিনয়, কঠোর পরিশ্রম এবং সৌজন্য আমাদের অনুপ্রাণিত করেছে। বাদশাহর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’-এর সংলাপের আদলে প্রকৃতি মিশ্র বলেন, যদি তুমি কোনো কিছু মন থেকে চাও, তাহলে পুরো কায়নাত তোমাকে তা পেতে সাহায্য করে। এ জয়টা যেন আমার নিজের। কারণ এটা প্রতিটি ভারতীয় শিল্পীকে স্বপ্ন দেখার, চেষ্টা করার এবং সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
মজার ছলে অভিনেত্রী বলেন, পিএস: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি।
আর অভিনেত্রী প্রকৃতি মিশ্রের এ ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই দ্রুত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
Viewed 4350 times