May 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আফগানিস্তানে বাড়তে পারে মৃতের সংখ্যা, উদ্ধার তৎপরতা অব্যাহত

ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮০০ জনে ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আফগানিস্তানের পাহাড়ি হিন্দুকুশ এলাকায় স্থানীয় সময় রোববার রাত পৌনে ১২টার দিকে এই ভূকম্প অনুভূত হয়। এলাকাটি পাকিস্তান সীমান্তের কাছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের জালালাবাদ শহরের পূর্ব-উত্তরপূর্বের ৪২ কিলোমিটার দূরে। কেন্দ্রস্থলের গভীরতা তুলনামূলকভাবে কম, মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে।

দেশটির কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপে শত শত মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারি মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভয়াবহ এই ভূমিকম্প ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘ কার্যালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

পোস্টে বলা হয়, “পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্প শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”

এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এক পোস্টে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, “আফগানিস্তানের মানুষের পাশে আছি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

Viewed 5350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!