কামিনে’ নিয়ে আবেগে ভাসলেন প্রিয়াঙ্কা
ডেস্ক রিপোর্ট : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ারের শুরুর দিকে ব্যবসাসফল সিনেমা ‘কামিনে’। বিশাল ভরদ্বাজ পরিচালিত এ ছবিতে শাহিদ কাপুর দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। প্রিয়াঙ্কা সেখানে ছিলেন ‘সুইটি শেখর ভোপে’র চরিত্রে। এটি যে তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট সিনেমা তা প্রকাশ্যে জানিয়ে দিলেন তিনি।
গেল ১৪ আগস্ট ‘কামিনে’ সিনেমা মুক্তি ১৬ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছেন দেশি গার্ল। প্রথম ফ্রেমে দেখা যায় প্রিয়াঙ্কাকে তার চরিত্রে। এরপরের ভিডিওতে ধরা পড়ে শাহিদ ও প্রিয়াঙ্কার অনস্ক্রিন রসায়ন-খুশির মুহূর্ত থেকে শুরু করে আবেগঘন দৃশ্য।
কীভাবে তিনি ‘কামিনে’ ছবির জন্য নির্বাচিত হয়েছিলেন তাও জানান প্রিয়াঙ্কা। তিনি জানান, এটি তাঁর কাছে ছিল স্বপ্ন পূরণের মতো, কারণ বহুদিন ধরেই তিনি বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন।
তিনি লিখেছেন, ‘আমি তখন মিয়ামিতে তরুণ পরিচালনায় ‘দোস্তানা’ ছবির শুটিং করছিলাম। সহ-অভিনেতা ছিলেন অভিষেক বচ্চন ও জন আব্রাহাম। এক সন্ধ্যায় শুটিং শেষে দেখি বিশাল ভরদ্বাজের মিসড কল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না! সবসময় চেয়েছি তার সঙ্গে কাজ করতে কিন্তু তখনকার আমার ‘কমার্শিয়াল’ ইমেজের কারণে ভাবিনি যে তিনি আমাকে নেবেন।’
প্রিয়াঙ্কা লিখেছেন, “বিশাল ভরদ্বাজ সরাসরি মিয়ামি উড়ে এসেছিলেন। তিনি এসে আমাকে গল্পটি শোনালেন। আমি বললাম, ‘এই চরিত্রে তো মাত্র ৮টা দৃশ্য আছে।’ তখন তিনি বললেন, ‘আমাদের কাজ করলে এটি আরও অনেক বড় হয়ে উঠবে। ভরসা রাখো।’ আর আমি রেখেছিলাম।”
অভিনেত্রী জানান, বিশাল তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ‘কামিনে’ করার বিনিময়ে তিনি একদিন তাঁকে একটি অসাধারণ চরিত্রে নেবেন।
প্রিয়াঙ্কা বলেন, ‘সত্যি বলতে, আমি বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করার লোভ সামলাতে পারিনি।’
কৃতজ্ঞতা প্রকাশ করে প্রিয়াঙ্কা লিখেছেন, “কামেনি’ আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। বিশাল ভরদ্বাজের কাছ থেকে শিখেছি কীভাবে চরিত্রের জন্য গবেষণা করতে হয়, প্রস্তুতি নিতে হয় এবং তারপর নিজেকে চরিত্রের হাতে সমর্পণ করতে হয়। শাহিদ কাপুর ছিলেন দুর্দান্ত, তার দ্বৈত চরিত্র অসাধারণ।’ সূত্র: এনডিটিভি
Viewed 7600 times