রিয়ালকে কোনাতের দাম জানিয়ে দিল লিভারপুল
ডেস্ক রিপোর্ট : চলতি দলবদলের মৌসুমে রক্ষণ ঠিক করার মিশনে নেমেছে রিয়াল মাদ্রিদ। তরুণ স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেনকে কিনেছে তারা। লিভারপুল থেকে এনেছে ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অর্নাল্ডকে। পোর্ত থেকে কিনেছে কারেরাসকে।
দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে আরও এক ডিফেন্ডার কিনতে পারে লস ব্লাঙ্কোস বোর্ড। তিনি হলেন- লিভারপুলের ফ্রান্স সেন্ট্রাল ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে। সংবাদ মাধ্যম মুন্ডো দিপোর্তিভো জানিয়েছে, লিভারপুল তার জন্য ৩৫ মিলিয়ন ইউরো দাম চেয়েছে।
কোনাতের সঙ্গে লিভারপুলের চুক্তি আছে কেবল চলতি মৌসুম পর্যন্ত। আগামী মৌসুমে ফ্রি এজেন্টে রিয়ালে যোগ দিতে পারেন তিনি। তাকে ফ্রিতে না ছেড়ে দাম নির্ধারণ করে বিক্রির চেষ্টা করছে অল রেডসরা। এছাড়া লিভারপুল ১৮ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডার জিওভান্নি লিওনিকে কিনেছে। যে কারণে কোনাতেকে ছাড়তে সমস্যা নেই দলটির।
ডিফেন্ডার হিসেবে কোচ জাবি আলোনসোর পরিকল্পনার কেন্দ্রোতে আছেন এদার মিলিতাও। তবে ইনজুরি প্রবণ এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। রিয়ালে সেন্ট্রাল ডিফেন্সের ভাবনায় অভিজ্ঞ অ্যান্তোনিও রুডিগার ও ডেভিড আলাবা আছেন। তরুণ রাউল অ্যাসেনসিওকেও নিবন্ধন করিয়েছে লস ব্লাঙ্কোসরা।
সব মিলিয়ে রিয়ালের ডিফেন্ডারের অভাব নেই। কিন্তু গত মৌসুমে মিলিতাও, আলাবা, কারভাহাল, ভাসকেসদের ইনজুরির কারণে বিপদে পড়েছিল স্প্যানিশ জায়ান্টরা। ফুটবল বিশ্লেষকরা মনে করেন, কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়াসদের মতো তারকা থাকা স্বত্ত্বেও রিয়ালের কোন শিরোপা জিততে না পারার কারণ ছিল ডিফেন্ডারদের ওই ইনজুরি।
Viewed 5900 times