বগুড়া শিবগঞ্জে পাটক্ষেত থেকে অজ্ঞাতনামা নারীর কঙ্কাল উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি পাটক্ষেত থেকে অজ্ঞাতনামা এক হতভাগা নারীর কঙ্কালের উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আজ শনিবার ১০ আগস্ট বিকালে আনুমানিক ৫ টায় দেউলী ইউনিয়নের রহবল হাজীপাড়ার রংপুর-টু-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, মোঃ জহুরুল হক (৬০), পিতা: আজিমউদ্দিন, সাং: চ্যাংরা হাটা হাজীপাড়া, রহবল, শিবগঞ্জ, বগুড়া নামের এক ব্যক্তি নিজ জমিতে পাট কাটার সময় একটি মানুষের মাথার খুলি, মেরুদণ্ড, পা ও অন্যান্য শরীরের হাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পান। স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়।
কঙ্কালের কাছাকাছি স্থানে কালো রঙের বোরখা, রঙিন ওড়না, খয়েরি রঙের পেটিকোট ও একটি স্পঞ্জের স্যান্ডেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি একজন নারী হতে পারে।
ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন ও কঙ্কালের অংশসমূহ হেফাজতে নেন।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় এখনো পর্যন্ত মামলা বা পরিচয় মেলেনি। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং কঙ্কালের পরিচয় শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত আছে। এই ঘটনায় ওই এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Viewed 6350 times



