August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

এবার রাজনৈতিক ক্যারিয়ারেও দল বদলালেন শ্রাবন্তী

ডেস্ক রিপোর্ট : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন। তবে এবার বিজেপি নয়; পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের হয়েই মাঠে নামবেন তিনি। অভিনেত্রী ছাড়াও তৃণমূলে ফিরেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্তের মতো তারকারা।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষ্যে আয়োজিত ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সেই থেকে শুরু হয়েছে গুঞ্জন— তৃণমূলের হয়ে ভোটের লড়াইয়ে মাঠে নামতে চলেছেন অভিনেত্রী।

একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।

অভিনেত্রী বলেন, রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরই সামনে এগোব, না হলে নয়।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্রাবন্তী। কিন্তু হারের মুখ দেখতে হয়েছিল তাকে। সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু তেমনটি হয়নি।

শ্রাবন্তী বলেন, শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি। অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি। তিনি বলেন, বেহালা পশ্চিম আমার বাড়ি, আমি নিজেও ওখানে ভোট দিই। সে জন্য জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এবার কোনো সিদ্ধান্ত নিলে সেটি আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার ওপর ভিত্তি করেই নেব।

উল্লেখ্য, শ্রাবন্তী অভিনীত সায়ন্তন ঘোষালের সিনেমা ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তার সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আর চলতি বছরের পূজায় মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘দেবী চৌধুরাণী’। এ সিনেমায় নাম ভূমিকায় রয়েছেন তিনি, আর ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Viewed 7450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!