May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তির অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার

ডেস্ক রিপোর্টঃ জুলাই বিপ্লবে নিহত শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তির অভিযোগে পিরোজপুর আদালতে কর্মরত এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া ওই পুলিশ সদস্যের নাম মাসুদ রেজা। তিনি কনস্টেবল পদে রয়েছেন বলে জানা গেছে।

পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা, সমাবেশ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে বুধবার রাত ১১টার দিকে জেলা জজ আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুলিশ কনস্টেবল মাসুদ রেজা। এ সময় স্থানীয় জনতা ওই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক বলেন, ‘শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করায় এলাকাবাসী তাকে (মাসুদ রেজা) আটক করে। এ খবর পেয়ে আমরা কয়েকজন তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করি। এরপর বিষয়টি পুলিশ সুপারকে অবগত করি।’

ওসি রবিউল ইসলাম জানান, পুলিশ সুপার খান মুহাম্মাদ আবু নাসেরের নির্দেশে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Viewed 6450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!