September 17, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে মধ্যরাতের উচ্ছ্বাস আনন্দ ভাগ করে নিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম 

মোঃ রাফি হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ পত্নীতলা উপজেলা থেকে সরকারি দায়িত্ব পালন শেষে বুধবার দিবাগত মধ্যরাতে নওগাঁয় ফেরার পথে সড়কের পাশে বড় পর্দায় ফুটবল খেলা উপভোগরত আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এ সময় তিনি দেখতে পান—ছোট ছোট শিশু, কিশোর, তরুণ, যুবক থেকে শুরু করে প্রবীণরাও একসঙ্গে উচ্ছ্বাস ও আনন্দের সঙ্গে প্রিয় দলের খেলা উপভোগ করছেন। নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার।

এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন,”মধ্যরাতে ফেরার পথে সড়কের পাশে বড় পর্দায় খেলা দেখছিলেন অসংখ্য আর্জেন্টিনা সমর্থক। ছোট ছোট শিশু, কিশোর, যুবক ও বয়োজ্যেষ্ঠ সবাইকে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখে সত্যিই খুব ভালো লেগেছে। খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। এভাবেই আনন্দময় হয়ে উঠুক নওগাঁর জনজীবন।”

স্থানীয়রা জানান, ফুটবল বিশ্বকাপকে ঘিরে নওগাঁর বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে বিভিন্ন বয়সী মানুষ একত্রিত হয়ে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করছেন, যা সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

জননিরাপত্তার পাশাপাশি মানুষের স্বাভাবিক ও আনন্দময় সামাজিক পরিবেশ নিশ্চিত করতেও নওগাঁ জেলা পুলিশের এমন ইতিবাচক উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে। পুলিশ সুপারের এই আন্তরিকতা ও সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।

Viewed 950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!