July 7, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

দক্ষিণ আফ্রিকায় তুচ্ছ ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের হাটিবিয়েজ এলাকায় এক টাকা মূল্যের একটি সিগারেট নিয়ে সৃষ্ট বিবাদের জেরে এক বাংলাদেশি ব্যবসায়ীকে নৃশংসভাবে ছুরিকাঘাত করেছে স্থানীয় এক ক্রেতা। সোমবার (৬ জুলাই) সকালে ঘটা এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী সাখাওয়াতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাখাওয়াত ওই এলাকায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই ক্রেতা সাখাওয়াতের দোকান থেকে এক টাকা দামের একটি সিগারেট কেনেন। সিগারেটটির মান পছন্দ না হওয়ায় তিনি সেটি বদলে দেওয়ার অনুরোধ করেন। ব্যবসায়ী সাখাওয়াত পণ্যটি বদলিয়ে দিতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত ক্রেতা ধারালো ছুরি দিয়ে সাখাওয়াতের শরীরে আঘাত করে পালিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রবাসী বাংলাদেশি জানান, দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ব্যবসায়ীদের নিরাপত্তা পরিস্থিতি বরাবরই উদ্বেগের। সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে কেনা পণ্যের মানের জেরে এমন হিংসাত্মক ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে দেশটিতে এ ধরনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং অনেকে গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দক্ষিণ আফ্রিকায় বর্তমানে অভিবাসী-বিরোধী মনোভাবের যে উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে, এমন ঘটনা সেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। স্থানীয় নাগরিকদের মাঝে ক্ষোভ বৃদ্ধির পাশাপাশি এটি বিদেশি ব্যবসায়ীদের জন্য নতুন করে নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি করছে।

ঘটনার পর থেকে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় প্রবাসী ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়েছে।

Viewed 950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!