June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক:

ইরানে সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যে এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক চলাকালে এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি, আমাদের আরও অনেক কিছু করার আছে। তবে এখন পর্যন্ত অর্জনগুলো ঐতিহাসিক।

তিনি ইরানে সামরিক অভিযান শুরুর কারণ হিসেবে দেশটির পারমাণবিক কর্মসূচিকে উল্লেখ করেন। তাঁর ভাষায়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াত।

নেতানিয়াহু দাবি করেন, আয়াতুল্লাহ খামেনি ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিকে ভূগর্ভে সরিয়ে নিতে চেয়েছিলেন, যাতে তা যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমানের নাগালের বাইরে থাকে। এ পরিস্থিতিতে ইসরায়েল চুপ করে থাকতে পারেনি বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলছে। এ নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ হলেও কোনো সমঝোতা হয়নি।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে।

যুদ্ধের প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান এবং মোজতবা খামেনি গুরুতর আহত হন।

পরবর্তীতে উত্তেজনা কমাতে গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং সামনে আরও লক্ষ্য অর্জন করতে হবে। ইরানে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চুক্তির মাধ্যমে তা সরানো না হলে অন্য উপায়ে সরানো হবে।

Viewed 1900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!