উখিয়ায় তিন পেট্রোল পাম্পে অভিযান, অনিয়মের অভিযোগে জরিমানা
অনলাইন ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় জ্বালানি তেলের মজুত ও বিতরণ পরিস্থিতি মনিটরিংয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকাল ৫টা থেকে উপজেলার তিনটি পেট্রোল পাম্পে এ অভিযান শুরু হয়। অভিযানে পালংখালী পেট্রোল পাম্পে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইউসুফ অ্যান্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট পাম্পগুলোর মজুত, বিক্রয় কার্যক্রম ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অনিয়ম ঠেকাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Viewed 1150 times