চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মেলার নামে অশ্লীলতা ও জুয়া
রুহুল আমিন শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়ায় ‘বুড়ার মেলা’র আড়ালে চলছে ভয়াবহ অশ্লীল নৃত্য ও রমরমা জুয়ার আসর। চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই আয়োজিত এই মেলায় দিন-রাত এসব অনৈতিক কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন ও পাহারায় থাকা পুলিশ সদস্যরা।
পুতুল নাচের আড়ালে কুরুচিপূর্ণ প্রদর্শনী সরেজমিনে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে দেখা যায়, ‘পুতুল নাচ’ ও ‘সার্কাস’-এর সাইনবোর্ড ঝুলিয়ে প্যান্ডেলের ভেতরে চলছে তরুণীদের দিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল নৃত্য। উচ্চশব্দে গান বাজিয়ে গভীর রাত পর্যন্ত চলা এই নোংরামি দেখতে ভিড় করছে বিভিন্ন এলাকা থেকে আসা উঠতি বয়সী যুবক ও পুরুষরা। বিদ্যালয়ের গা ঘেঁষে এমন আয়োজন চলায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
পুলিশের সামনেই চলছে জুয়া মেলার এক অংশে প্রকাশ্যেই চলছে ডাব্বু, ওয়ান-টেন ও চরকি বাজি সহ বিভিন্ন ধরনের জুয়া খেলা। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, মেলা প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের চোখের সামনেই এসব অপকর্ম চলছে। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দেননি, বরং রহস্যজনক নীরবতা পালন করছেন।
এসব অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জানতে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি; তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে সংক্ষিপ্তভাবে জানান, “বিষয়টি দেখছি।” তবে ওসির এমন আশ্বাসের পরেও মেলায় অশ্লীলতা বা জুয়া বন্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের এই উদাসীনতা ও নীরব সম্মতিতে ধ্বংসের মুখে পড়ছে স্থানীয় যুবসমাজ। বিদ্যালয়ের পাশে এমন পরিবেশ কোমলমতি শিক্ষার্থীদের মনেও বিরূপ প্রভাব ফেলছে। দ্রুত এই মেলা থেকে অশ্লীলতা ও জুয়া বন্ধ করা না হলে এলাকাবাসী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
Viewed 950 times




