May 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় র‍্যাবের পৃথক পৃথক অভিযানে পটকা ও গান পাউডারসহ আটকঃ০৩ 

রুহুল আমিন শাহিন,বগুড়া জেলা প্রতিনিধিঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর সিপিএসসি বগুড়া কোম্পানির পৃথক দুটি অভিযানে ৩০ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি পটকা (আনুমানিক ৭,৭০০ পিস) এবং ৫৫০ গ্রাম গান পাউডারসহ তিনজন অবৈধ বিস্ফোরক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড ও নগদ টাকা জব্দ করা হয়।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর রাত ১০টা ১০ মিনিটে জানতে পারে যে বগুড়ার সদর থানাধীন মালতী নগর বকশি বাজার মোড়ে জনৈক মোঃ শাহীনুর ইসলাম সজীব তার মুদি দোকানে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক মজুদ রেখেছেন।

এরই ভিত্তিতে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের দিকনির্দেশনায় রাত ১০টা ৩০ মিনিটে প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানদার মোঃ শাহীনুর ইসলাম সজীব (৩৫) এবং তার সহযোগী মোঃ খাইরুল ইসলাম (৪০)-কে ২৮ কেজি পটকাসহ আটক করা হয়।

 

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে বগুড়া পৌরসভার ভাটকান্দি মধ্যপাড়া এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ আব্দুল মালেক মন্ডল (৪৫)-কে ২ কেজি পটকা ও ৫৫০ গ্রাম গান পাউডারসহ গ্রেপ্তার করা হয়।

 

এছাড়া তিনজনের কাছ থেকে ০১টি itel বাটন ফোন, ০১টি Samsung Galaxy A54 ফোন, ০২টি সিম কার্ড এবং নগদ ৩০,৩৬০ টাকা জব্দ করে র‍্যাব।

 

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব জানায়, অবৈধ বিস্ফোরক দ্রব্যের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর এ তৎপরতা দেশকে অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Viewed 5950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!