August 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

৬ ওভারে ২১ ছক্কা হজম করে হারল বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ

হংকং ক্রিকেট সিক্সেসের কোয়ার্টার ফাইনালে শেষ হলো বাংলাদেশের যাত্রা। অস্ট্রেলিয়ার কাছে ৬ ওভারে ২১ ছক্কা হজম করতে হয়েছে দলটাকে। ম্যাচটা তখনই শেষ হয়ে গেছে দলের। শেষমেশ লড়াইও করতে পারেনি। ৯৫ রান তুলে ইনিংস শেষ করেছে, ম্যাচটা হেরেছে ৫৪ রানের বিশাল এক ব্যবধানে।

শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া তাণ্ডব চালায় বাংলাদেশের ওপর। ছয় ওভারে ২ উইকেট খুইয়ে তোলে ১৪৯ রান। সব মিলিয়ে ২১টি ছক্কা হজম করেছেন বাংলাদেশের বোলাররা। শুরুর ৪ অস্ট্রেলিয়ান ব্যাটার প্রত্যেকেই অন্তত ১টা ছক্কা হাঁকিয়েছেন। ১১ বলে ৭ ছক্কায় ৫০ রান।

বেক ম্যাকডরমেট ১৪ বলে ৮ ছক্কায় ৫১ রান করেন, এরপরই বাধ্যতামূলক অবসরে যান তিনি। উইলিয়াম বোজিস্টো ৬ বলে করেন ৩০ রান। অধিনায়ক অ্যালেক্স রস করেন ৭ ছক্কায় ১১ বলে ৫০ রান।

তাতেই রেকর্ড গড়ে ফেলে অজিরা। এবারের আসরে এর চেয়ে বেশি রান করতে পারেনি আর কোনো দল। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৮ রান করেছিল আফগানিস্তান।

বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই ৩ উইকেট খুইয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ১৯ রান তুলতেই শেষ হয়ে যায় ৪ উইকেট। এরপর রকিবুল হাসানের ১০ বলে ২৫ আর আবু হায়দার রনির ১৮ বলে ৫০ রানের ইনিংসে ভর করে মুখ রক্ষা করে বাংলাদেশ। ইনিংস শেষ করে ৫ উইকেটে ৯৫ রান তুলে।

৫৪ রানের বিশাল জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ চারে চলে যায় অস্ট্রেলিয়া। আর বাংলাদেশকে নেমে যেতে হয় প্লেট পর্বে। রোববার প্লেট সেমি-ফাইনালে খেলবে তারা, প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি।

Viewed 4500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!