ট্রেন্ডিংয়ে সালমান শাহ হত্যা মামলা, আলোচনায় সামিরা-ডনও
ডেস্ক রিপোর্টঃ
ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার রহস্যময় মৃত্যু আজও কোটি ভক্তের কাছে এক হাহাকার হয়ে আছে। দীর্ঘদিন ধরে সালমান শাহের মাসহ পরিবারের সদস্যরা দাবি করে আসছিলেন, নায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু সেটিকে অপমৃত্যু মামলায় বারবার আত্মহত্যা বলেই দেখানো হয়েছে।
অবশেষে গেল ২০ অক্টোবর সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেন আদালত। তখন থেকেই সারা দেশে আবারও আলোচনায় উঠে আসেন সালমান শাহ। নতুন করে আলোচ্য হয়ে উঠে তার মৃত্যু। আদালতের নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের। এছাড়াও রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরো কয়েকজন। মোট অভিযুক্ত ১১ জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরো কয়েকজনের নাম।
সেই থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা। নানা তথ্য উপাত্ত ঘেঁটে দেখা যায়, ২০ অক্টোবর দিনভরই বাংলাদেশে গুগল ট্রেন্ডিংয়ের এক নম্বরে ছিলেন সালমান শাহ। ২৭ অক্টোবর পর্যন্ত প্রায় কয়েক লক্ষ মানুষ সালমান শাহকে নিয়ে গুগলে সার্চ করেছেন। তাদের আগ্রহের মধ্যে রয়েছে সালমান শাহের মৃত্যু, সালমান শাহ হত্যা, সালমান শাহ হত্যা মামলা, সালমান শাহের মৃত্যুর রহস্য, সালমান শাহের সিনেমা, গান ও ক্যারিয়ারের নানা বিষয়াদি।
Viewed 4400 times