May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নাশকতার ৪ মামলায় সাবেক এমপি মুক্তির জামিন নামঞ্জুর

আ: ওয়াহেদ ফকির :  নড়াইলের কালিয়া ও নড়াগাতী এলাকায় নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা বিএম কবিরুল হক মুক্তির জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া থানার দুটি নাশকতা মামলায় মুক্তিকে প্রথমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। আদালতের বিচারক রত্না সাহা তার জামিন নামঞ্জুর করেন।

এরপর নড়াগাতী থানায় দায়েরকৃত আরও দুটি নাশকতা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে নেওয়া হয়। এ আদালতেও জামিন নামঞ্জুর করে মুক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মারুফ হাসান।

বুধবার সকাল ৯টার পরই কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মুক্তিকে নড়াইলের আদালতে আনা হয়।

গত ২৪ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর গুলশান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর গত ২৫ সেপ্টেম্বর মুক্তির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ।

ইতোমধ্যে সাবেক এমপি মুক্তি ও তার স্ত্রী চন্দনা হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশনও (দুদক)।

কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

 

Viewed 3900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!