May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নির্বাচনই গণতন্ত্রে ফেরার একমাত্র পথ: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দীর্ঘদিনের ভোট দেওয়ার সুযোগ না পাওয়ার হতাশা কাটানো এবং নিজস্ব সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ এ নির্বাচন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের মানুষ নির্বাচন চায়। তারা ১৫ থেকে ১৬ বছর ভোট দিতে পারেনি। এবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায়। সেই পার্লামেন্ট ও সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আবার সচল হবে এবং একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে।

দল ও নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ছয় বছর কারাগারে থাকতে হয়েছে। আমাদের প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ইলিয়াস আলীসহ প্রায় ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানকেও মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাসিত করা হয়েছিল। তিনি এখনো দেশে ফেরেননি।

সভায় বিএনপির জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Viewed 3250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!