April 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ভারতীয় ক্রিকেটারকে প্রতারক বললেন ধনশ্রী


ডেস্ক রিপোর্ট :
চলতি বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও ইউটিউবার, অভিনেত্রী এবং কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা। তবে সম্পর্ক চুকে গেলেও তাদের দাম্পত্য কলহ নিয়ে এখনও চর্চা হচ্ছে।

এবার আশনীর গ্রোভার সঞ্চালিত রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ হাজির হয়ে বিয়ে নিয়ে বিস্ফোরক দাবি করলেন ধনশ্রী।

শোয়ের একটি ভাইরাল ক্লিপে ধনশ্রীকে বলতে শোনা যায়—‘প্রথম বছরেই বুঝে গিয়েছিলাম এই সম্পর্ক টিকবে না। বিয়ের দ্বিতীয় মাসেই প্রতারণা ধরে ফেলেছিলাম।’ সহ-প্রতিযোগী অভিনেত্রী কুব্বরা সাইত অবাক হয়ে জিজ্ঞেস করলে তিনি আবারও হেসে নিশ্চিত করেন, ‘ক্রেজি, ব্রো!’

এর আগে অবশ্য চাহাল এক ইউটিউব পডকাস্টে জোর দিয়ে বলেছিলেন, তিনি জীবনে কখনো প্রতারণা করেননি। ‘ডিভোর্সের পর দেখলাম সবাই ভাবে আমি প্রতারক। কিন্তু আমি তা নই। আমি বরং ভীষণ অনুগত মানুষ। আমার দুই বোন আছে, আমি জানি মেয়েদের কীভাবে সম্মান করতে হয়’—বলেন এই লেগস্পিনার।

চাহাল ও ধনশ্রী বিয়ে করেন ২০২০ সালের ডিসেম্বরে গুরগাঁওয়ে। করোনা মহামারির সময় ধনশ্রীর কাছ থেকে নাচ শিখতে গিয়েই দুজনের পরিচয়। ২০২২ সালের জুনে তারা আলাদা হয়ে যান। গত ফেব্রুয়ারিতে দিল্লির ফ্যামিলি কোর্টে যৌথভাবে ডিভোর্সের আবেদন করেন এবং মার্চে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে।

আগস্টে ‘হিউম্যানস অব বোম্বে’র পডকাস্টে ধনশ্রী প্রথমবার খোলাখুলি নিজের ডিভোর্স নিয়ে কথা বলেন। তিনি জানান, রায়ের দিন আদালতে দাঁড়িয়ে নিজেকে সামলাতে পারেননি, কেঁদে ফেলেছিলেন প্রকাশ্যে।

Viewed 4050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!