May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে অবরোধ শুরু হলেও বেতন পরিশোধের আশ্বাসের পর তা প্রত্যাহার করেন তারা।

সকাল আটটার দিকে উপজেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কে অবস্থান নেন বরমী সিটপাড়া এলাকার গার্ডেনিয়া ওয়্যার লিমিটেডের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক। এ সময় স্লোগান দিতে দিতে তারা যান চলাচল বন্ধ করে দেন। প্রায় তিন ঘণ্টা অবরোধের পর পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

শ্রমিকরা অভিযোগ করেন, আগস্ট মাসের বেতন রোববার দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। ফলে তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভে নামেন। কয়েকজন শ্রমিক দাবি করেন, কর্তৃপক্ষ বেতন বাকি রেখে গোপনে কারখানা বিক্রির চেষ্টা করছে।

কারখানার সুইং বিভাগের অপারেটর সাথি আক্তার বলেন, আগস্টের বেতন না পেয়ে শ্রমিকরা বিপাকে পড়েছেন। সেপ্টেম্বরে বেতন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই তারা আন্দোলনে বাধ্য হয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শ্রমিক আলমগীর হোসেন বলেন, শ্রমিকদের পরিবারের একমাত্র ভরসা বেতনের টাকা। কিন্তু সময়মতো না পেলে তারা চরম দুরবস্থায় পড়ে যান, অথচ কর্তৃপক্ষ এ বিষয়টি গুরুত্ব দেয় না।

এ বিষয়ে কারখানার কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। যোগাযোগের চেষ্টা করেও কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ওসি আবদুল বারিক বলেন, শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করবে এবং নির্ধারিত সময়ে কারখানা চালু থাকবে।

Viewed 4500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!