সাদুল্লাপুর জমে উঠেছে শারদীয় দুর্গাপূজার কেনাকাটা।
গাইবান্ধা জেলা প্রতিনিধি , জাহিদ খান :সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ সময়ে পূজারি ও ভক্তদের ব্যস্ততার যেন শেষ নেই। মণ্ডপ সাজানোর পাশাপাশি নিজ নিজ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারা। সাদুল্লাপুর উপজেলা শহরের দোকান গুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়ার পাশাপাশি বেড়েছে বিক্রি। রবিবার মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে পাঁচদিনের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এই বিশেষ ক্ষণের জন্য অপেক্ষার কমতি নেই ভক্ত অনুরাগীদের। বুধবার (২৪ সেপ্টেম্বর ) সাদুল্লাপুর রেডিমেড পোশাকের দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। তরুণীরা পছন্দের তালিকায় রেখেছেন লাল, কমলা ছাড়াও উজ্জ্বল বাহারি রঙের ও বিভিন্ন ডিজাইনের কামিজ, কুর্তি, গাউন, ঘের দেওয়া জামা। তবে নারীরা কিনছেন জামদানিসহ সফট কাতান ও সিল্ক শাড়ি। শুধু তাই নয়, অনেকেই কিনছেন জর্জেট শাড়ি ও হাফসিল্ক এবং দেশি তাঁতের শাড়ি। আর পুরুষরা শার্ট, প্যান্টের পাশাপাশি বেশি কিনছেন পাঞ্জাবি। বাজারের কাপড় ব্যবসায়ী হারাধন সাহা জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে তাদের বিক্রি ভালো হচ্ছে। নারীরা বেশি শাড়ি কিনছেন। তারা পছন্দ করে কিনছেন দেশি, ইন্ডিয়ান ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি। শেষ মুহূর্তে ভিড় বেড়েছে। সনাতন ধর্মাবলম্বী ছাড়াও সাধারণ ক্রেতারাও আসছেন তাদের দোকানে। দুর্গাপূজায় কেনাকাটা করতে আসা সবুজ সরকার বলেন, পূজার কেনাকাটা হয়েছে। তবে অতিথি আপ্যায়নের কেনাকাটা এখনও হয়নি। সেগুলো কেনার পরে প্রসাদের জিনিসপত্র কিনব। এদিকে, স্বাভাবিক সময়ের চেয়ে বিক্রি ভালো বলে জানান বিক্রেতারা। উপজেলা শহর ছাড়াও গ্রাম অঞ্চলের পোশাক ও জুতার দোকান গুলোতে বিক্রি বেড়েছে।
Viewed 4850 times