May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলসহ পাঁচ প্যানেলের, শিবির চায় নির্বাচন হোক

ডেস্ক রিপোর্ট : পোষ্য কোটাকে ইস্যু করে উদ্ভূত পরিস্থিতি এবং দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার কারণে রাকসু নির্বাচন পেছানোর দাবি করেছে ছাত্রদল মনোনীত প্যানেলসহ অন্তত পাঁচটি প্যানেল, ২০ জন স্বতন্ত্র প্রার্থী এবং হল সংসদের প্রার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্যানেলগুলোর সম্মিলিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তবে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা বলেছেন, ‘পূজার আগে নির্বাচন হলেই অংশগ্রহণ বেশি হবে। পরে হলে আরও কম হবে। আমরা চাই ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হোক।’

নির্বাচন অংশগ্রহণমূলক করতে দুর্গাপূজার ছুটির পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন আয়োজনের অনুরোধ করেছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রচার-প্রচারণায় গিয়ে শিক্ষার্থীদের দেখা পাচ্ছি না। তারা অধিকাংশই পূজার ছুটিতে বাড়িতে চলে গেছেন। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আপনারা বিষয়টি বিবেচনা করবেন। আমার মতামত, নির্বাচন যেন দুর্গাপূজার ছুটির পর হয়।’

এদিকে সম্মিলিতভাবে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন মনোনীত রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, তাসিন খানের নেতৃত্বে থাকা সর্বজনীন শিক্ষার্থী সংসদ, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত প্যানেল সচেতন শিক্ষার্থী পরিষদসহ স্বতন্ত্র প্রার্থী এবং কয়েকটি হল সংসদের অন্তত অর্ধশতাধিক প্রার্থী। তারা দাবি করেছেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে সকল শিক্ষার্থীদের উপস্থিতির পরিবেশ তৈরি হওয়ার পরে নির্বাচন আয়োজন করা উচিত।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘আমরা ক্যাম্পাসে প্রচারণায় শিক্ষার্থীদের দেখা পাচ্ছি না। পোষ্য কোটাকে ইস্যুকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে ক্যাম্পাস ছাড়ছেন। আমাদের দাবি, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে সকল শিক্ষার্থীদের উপস্থিতির পরিবেশ তৈরি হওয়ার পর নির্বাচন আয়োজন করতে হবে।’

Viewed 4500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!