August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

“স্রষ্টার বসত”

স্রষ্টার বসত 

-শাহজাহান রিপন

মসজিদে যাস মন্দিরে যাস

কিংবা গীর্জা প্যাগোডায়,

ভাবিস রে তুই সেথায় কেবল

স্রষ্টার দেখা পাওয়া যায়!

তাইতো রে তুই খুঁজিস সেথায়

আল্লাহ ইশ্বর গড ভগবান,

কিন্তু যেথায় থাকেন তিনি,

দিসনা সেথায় দৃষ্টিদান!

ধর্ম কি তোর কেবল শুধু

সিজদা পূজা প্রার্থনায়?

সত্যিকারের ধর্ম সেতো,

সৃষ্টিকে তার ভালোবাসায়।

মানবতাই যে পরম ধর্ম

ধর্মগ্রন্থের মর্মবাণী,

আর্তের পাশে না দাঁড়ানোই,

স্রষ্টার সাথে বেঈমানী।

ফুটপাতে আর রেললাইনে

ঘুমায় যারা বাস্তুহীন,

তাকাসনে তুই সেদিকেতে,

স্রষ্টার নিকট বাড়ছে ঋণ।

ভুখা নাঙ্গা গরীব দুঃখী

ক্ষুধায় কাতর অভুক্ত,

খোঁজ নিসনা তাদের রে তুই,

এড়িয়ে চলিস দায়িত্ব!

কঠিন রোগে কাতর কত

মরছে বিনা চিকিৎসায়,

তাদের খবর না নিয়ে তুই,

যাস মক্কা মথুরায়!

না নিলে খোঁজ তাদের যারা

আর্ত পীড়িত অসহায়,

পাবিনা ঐ স্রষ্টাকে তুই,

তোর বানানো ধর্মশালায়।

সৃষ্টির মাঝেই স্রষ্টার বসত

সেথায় গিয়ে সন্ধান কর,

পাবিরে তুই তাঁহার দেখা,

অসহায়দের হাতটি ধর।

Viewed 5650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!