May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মালয়েশিয়ায় শুরু হয়েছে বিশ্বের হালাল পণ্যের সবচেয়ে বড় প্রদর্শনী

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ‘মিহাস ফেয়ার’ নামে বিশ্বের হালাল পণ্যের সবচেয়ে বড় প্রদর্শনী আজ বুধবার শুরু হয়েছে। চার দিনের প্রদর্শনীতে বাংলাদেশের খাদ্যপণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রাণ গ্রুপ অংশ নিয়েছে।

কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল ট্রেড এক্সিবিশন সেন্টারে মিহাস ফেয়ারে অংশগ্রহণকারী প্রাণ গ্রুপের কর্মকর্তারা জানান, মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ান বাজারগুলোতে রপ্তানি বাড়ানো তাদের লক্ষ্য। গত অর্থবছরে প্রাণ গ্রুপ মালয়েশিয়ায় ৩০ মিলিয়ন ডলারের খাদ্যপণ্য রপ্তানি করেছে।

বর্তমানে বিশ্বে হালাল ফুডের বাজার অনেক বড়। সারা বিশ্বে হালাল ফুডের বাজার প্রায় ৩ ট্রিলিয়নের কাছাকাছি। বিশেষ করে সারা বিশ্বে ২০০ কোটির অধিক মুসলিম জনসংখ্যার কারণে হালাল ফুডের ব্যাপক বাজার রয়েছে। শুধু মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নয়, বর্তমানে ইউরোপ, আমেরিকা, আফ্রিকাসহ বিশ্বের প্রায় সব জায়গায় হালাল ফুডের বাজার তৈরি হয়েছে।

মালয়েশিয়া মিহাস ফেয়ার

মিহাস ফেয়ারে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য হাজির হন। আবার অনেক ব্যবসায়ী এখান থেকে হালাল পণ্যের বাজার সম্পর্কে ধারণা পান এবং সে অনুযায়ী পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় নিজেদের তৈরি করেন। তাই বিশাল এই অর্থনীতিতে প্রবেশ করতে মিহাস ফেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০০৪ সাল থেকে প্রতিবছর এই হালাল পণ্যের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে কুয়ালালামপুরে।

এবারের মেলায় বিশ্বের ৯০টি দেশ থেকে ২৩০০ বুথের মাধ্যমে বিভিন্ন কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করছে। ২০২৪ সালে এ মেলায় তাৎক্ষণিক চার বিলিয়নের অধিক হালাল পণ্যের ব্যবসা হয়েছে। প্রায় ৪০ হাজারের মতো দর্শনার্থী মেলায় প্রতিবছর পরিদর্শন করে।

প্রাণের এই মেলায় অংশগ্রহণের উদ্দেশ্য বিশাল অর্থনীতির হালাল ফুডের বাজারে ব্যবসা প্রসারের জন্য ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক তৈরি করা, তাদের কাছে প্রাণ পণ্য তুলে ধরা। পাশাপাশি যারা হালাল অর্থনীতিতে বড় অবদান রাখছে তাদের কার্যক্রম সম্পর্কে জেনে প্রাণের ব্যবসায়ে উদ্ভাবন আনা এবং সে অনুযায়ী হালাল ফুডের রপ্তানি বাজার সমৃদ্ধ করা।

প্রাণের কর্মকরতারা জানান, এবারের মেলায় তাদের প্রধান লক্ষ্য আসিয়ান, দক্ষিণ এশিয়া ও ইউরোপে হালাল পণ্যের বাজার সম্প্রসারণে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং মেলা থেকে ২ মিলিয়ন ডলার সমমানের পণ্যের সরাসরি রপ্তানি আদেশ পাওয়া।

মালয়েশিয়া হালাল পণ্যের বড় বাজার। পাশাপাশি ইন্দোনেশিয়া ও ব্রনাইতে হালাল পণ্যের ব্যাপক বাজার রয়েছে। এই বাজারে প্রাণ পণ্যের সম্প্রসারণও মেলায় অংশ নেওয়ার অন্যতম লক্ষ্য বলে জানান তারা।

মেলায় প্রাণ ২টি স্টলের মাধ্যমে ৫ শতাধিক পণ্য প্রদর্শন করছে। এসব পণ্যের মধ্যে রয়েছে- জুস ও ড্রিংকস, কালিনারি, বিস্কুট ও বেকারি এবং কনফেকশনারি। নতুন পণ্য হিসেবে ফোকাস কোরিয়ান নুডলস, বিভিন্ন বিস্কুট ও বাসিল সিড ড্রিংকস প্রদর্শন হচ্ছে। হালাল পণ্যের বাজার ধরতে প্রাণ এর জাকিম হালাল সার্টিফিকেশন রয়েছে।

মিহাস ফেয়ার ছাড়াও প্রাণ সংযুক্ত আরব আমিরাতে গালফ ফুড ফেয়ার, জার্মানির আনুগা, ফ্রান্সের সিয়াল ফেয়ারসহ খাদ্যপণ্যের জন্য বিখ্যাত সব মেলায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে।

বর্তমানে বিশ্বের ১৪৮টি দেশে প্রাণ নিয়মিত রপ্তানি করছে। উল্লেখযোগ্য রপ্তানিকৃত দেশ-ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। গত ২০২৪-২৫ অর্থবছরে প্রাণ প্রায় ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার সমমানের খাদ্যপণ্য রপ্তানি করেছে।

Viewed 4850 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!