গাইবান্ধায় ঘাঘট নদী থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার মরদেহ উদ্ধার
জাহিদ খাঁন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪৩ ) নামের এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদীর পূর্ব কোমরনই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, ঘাঘট নদীতে লাশ ভাসতে দেখে তারা থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে,পরে নিহতের মা মোছা. হাসনা হেনা বেগম তার মেয়ে তাসমিন আরার লাশ বলে শনাক্ত করেন।
কর্মস্থল ও এলাকায় তিনি শান্ত-শিষ্ট স্বভাবের শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী শিক্ষক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তাসমিন আরার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়ায়। তিনি ওই এলাকার মৃত নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এন, এইচ মর্ডাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন থেকে তাসমিন আরা মানসিক রোগে ভুগছিলেন। আজ ভোরে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়, পরে তার মরদেহ নদীতে পাওয়া যায়।
এদিকে স্থানীয় একটি সূত্র বলছে, তাসমিন আরা নাজ দীর্ঘদিন থেকে শিক্ষক পেশায় নিয়োজিত। এলাকার মানুষের কাছে তিনি একজন ভালো স্কুল শিক্ষক হিসেবে পরিচিত। তিনি জেলা শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি করেছেন। গত কয়েকদিন থেকে তাসমিন আরা নাজের বিয়ের আলাপ চলছিল। তার বয়স প্রায় ৪৩ বছর হলেও ওই শিক্ষিকা বিয়েতে রাজি ছিলেন না। তবে শিক্ষিকার মৃত্যু রহস্যজনক বলেও অনেকে মন্তব্য করে ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইকবাল পাশা জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী জানান, কিছু দিন থেকে তাসমিন আরা নাজ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। দুপুরের দিকে তার বাড়ির অদূরে ঘাঘট নদীতে তার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
Viewed 6900 times