জাকসু নির্বাচনে ব্যালট ও ওএমআর মেশিন সরবরাহ করেছে জামায়াত সংশ্লিষ্ট কোম্পানি, অভিযোগ বাগছাসের
ডেস্ক রিপোর্ট : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও ওএমআর মেশিন জামায়াত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’। এর আগে একই অভিযোগ তুলে নির্বাচনে কারচুপির শঙ্কা জানিয়েছে ছাত্রদল।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম। এছাড়া প্রার্থীদের ভোটকেন্দ্র পরিদর্শনে বাধা প্রদান ও প্রয়োজনের অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে সিয়াম অভিযোগ করেন, ভোট শুরু হওয়ার পর ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে প্রকাশ্যে লিফলেট বিতরণ করলেও দায়িত্বরত কর্মকর্তারা ছিলেন নির্বিকার।
এই প্যানেলের প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে অভিযোগ করে সিয়াম বলেন, আমাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমরা চারটা কেন্দ্র থেকে ফিরে এসেছি। সেখানে কেন্দ্রের পরিস্থিতি কেমন, তা দেখতে ঢুকতে চেয়েছিলাম। শুধু কেন্দ্র না, যেখানে অন্য প্রার্থীরা দাঁড়িয়ে আছেন, সেই পর্যন্তও আমাদের যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা জানতাম, রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে প্রার্থীরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য কেন্দ্র ভিজিট করতে পারবে। কিন্তু আমরা সেটি করতে পারছি না।
Viewed 4800 times